- প্রশ্ন:আমার এক বন্ধু একটি মেয়ের সাথে এভাবে বিয়ে করেছিল যে, মোবাইলে ছেলে মেয়েকে বলেছিল, আমি তোমাকে এত টাকা মহর ধার্য করে বিবাহ করলাম। রাজি থাকলে বল কবুল। তখন মেয়ে ফোনেই কবুল বলেছিল। পরে ছেলেও কবুল বলেছিল। বিবাহের সময় ছেলের সাথে আরো ২ জন পুরুষ ছিল। উভয়ে লাউডস্পিকারের মাধ্যমে মেয়ের কবুল শুনতে পেরেছিল। আর ছেলেরটা সরাসরিই শুনেছে। এখন জানতে ইচ্ছুক, এর দ্বারা কি ইসলামের দৃষ্টিতে ছেলেমেয়ের বিবাহ সহীহ হয়েছে? এখন তারা একত্রে ঘর-সংসার করতে চাচ্ছে। তারা চুপিসারে বিয়ে করেছে।উত্তর:প্রশ্নের বর্ণনা অনুযায়ী মোবাইল ফোনে সংঘটিত উক্ত বিবাহ সহীহ হয়নি। কেননা বিবাহ সহীহ হওয়ার জন্য যে স্থানে বিবাহের ইজাব-কবুল হবে সেখানে দুজন সাক্ষীর উপস্থিত থাকা এবং উপস্থিত পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধি থেকে সরাসরি ইজাব-কবুল শ্রবণ করা আবশ্যক। পাত্র পাত্রী বা তাদের প্রতিনিধি দুই স্থান থেকে ফোনে লাউড স্পিকারের মাধ্যমে ইজাব-কবুল করলে এবং সাক্ষীগণ তা শ্রবণ করলে এর দ্বারা বিবাহ সংঘটিত হয় না। পাত্র-পাত্রী ভিন্ন স্থানে অবস্থান করলে তাদের মধ্যে বিবাহ কীভাবে করতে হবে সে নিয়ম নির্ভরযোগ্য আলেম থেকে জেনে নেওয়া জরুরি।জেনে রাখা দরকার যে, বিবাহ-শাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পিতা-মাতা এবং মুরব্বিজনদের পরামর্শ ও সম্মতিক্রমেই তা হওয়া বাঞ্ছনীয়। অভিভাবকদের অসম্মতিতে কিংবা তাদেরকে না জানিয়ে নিজে নিজে এ পদক্ষেপ নেওয়া কিছুতেই ঠিক নয়। হাদীস শরীফে অভিভাবকের সম্মতির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া একাধিক হাদীসে বিবাহের প্রচার করা ও তা প্রকাশ্যে করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ চুপিসারে করা কিছুতেই ঠিক নয়।-মুসনাদে আহমদ, হাদীস : ১৯৫১৮, ২৫৩২৬, ১৬১২৩০; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস : ১০৪৯০, ১০৪৯৪; বাদায়েউস সানায়ে ২/৫২৭, ২/৪৯০; ফিকহুন নাওয়াযিল ৩/৩৪৩-৩৪৪; আদ্দুররুল মুখতার ৩/২১-২২;
- প্রশ্ন:জনৈক ব্যক্তি পড়ালেখা করে। উচ্চতর শিক্ষা অর্জনের উদ্দেশে দেশের একটি বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। ঐ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য অবিবাহিত হওয়া শর্ত। কিন্তু সে বিবাহিত ছিল। তাই বিবাহিত হওয়া সত্তে¡ও ভর্তি হওয়ার জন্য সে তার জীবন বৃত্তান্তে অবিবাহিত লিখে এবং পরবর্তীতে মৌখিকভাবেও একথা স্বীকার করে যে, সে অবিবাহিত, তার কোনো স্ত্রী নেই। বর্তমানে সে ঐ প্রতিষ্ঠানের একজন ছাত্র।জানার বিষয় হল, এভাবে বলা ও লিখার কারণে তার স্ত্রীর উপর কি কোনো তালাক পতিত হয়েছে?উত্তর:বিবাহিত হওয়া সত্তে¡ও মিথ্যা বলে নিজেকে অবিবাহিত পরিচয় দেওয়া এবং স্ত্রী নেই বলা মারাত্মক অন্যায় ও কবীরা গুনাহ হয়েছে। এজন্য আল্লাহ তাআলার নিকট কায়মনোবাক্যে ইস্তিগফার করতে হবে। অবশ্য এভাবে মিথ্যা বলা ও লেখার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটেনি এবং স্ত্রীর উপর কোনো তালাকও পতিত হয়নি। তাদের বিবাহ যথারীতি বহাল রয়েছে।উল্লেখ্য যে, নিজে অবিবাহিত প্রকাশ করে প্রতিষ্ঠানের শর্ত ভঙ্গ করে সেখানে ভর্তি হওয়া মারাত্মক অন্যায় হয়েছে। এটি ধোঁকা ও প্রতারণার শামিল। যা কোনো মুসলমানের কাজ নয়।-বাদায়েউস সানায়ে ৩/১৭১; তাবয়ীনুল হাকায়েক ৩/৮৩; আলমুহীতুল বুরহানী ৪/৩৩; আদ্দুররুল মুখতার ৩/২৮৩
- প্রশ্ন:ইনশাআল্লাহ বলে তালাক দিলে কি তালাক হবে? না হলে এর কারণ কী? দলিলপ্রমাণসহ জানানোর অনুরোধ রইল।উত্তর:তালাকের সাথে ইনশাআল্লাহ বললে তালাককে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে শর্তযুক্ত করা হয়। তাই ইনশাআল্লাহ বলে তালাক দেওয়ার অর্থ হল আল্লাহ যদি চান তাহলে স্ত্রী তালাক। এই শর্তটি পাওয়া যাওয়ার বিষয়ে যেহেতু নিশ্চিত হওয়া যায় না তাই ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাক কার্যকর হয় না।ইমাম মুহাম্মাদ রাহ. তার কিতাবুল আছারে ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণনা করেন যে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে ইনশাআল্লাহ তুমি তিন তালাক। তার এ কথার দ্বারা স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে না। -কিতাবুল আছার ৫১১ইমাম আবদুর রাযযাক রাহ. তার মুসান্নাফে অনুরূপ বর্ণনা উল্লেখ করে বলেন, আবু হানীফা এমনই বলতেন, মানুষরাও এ মতের উপর প্রতিষ্ঠিত। আমার মতও এটিই।-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস : ১১৩২৭; শরহু মুখতাসারিত তহাবী ৫/৮৬; ফাতহুল কাদীর ৩/৪৬০
- প্রশ্ন:জনৈক মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পর ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর শিশুটির ছোট খালা তাকে লালন-পালন করেন এবং তাকে তার দুধও পান করান। কয়েক বছর পর শিশুটির খালু ইন্তেকাল করেন। বর্তমানে ছেলেটির পিতা তার দুধ মা (খালা)-কে বিবাহ করতে চাচ্ছে। উভয় পরিবারের পক্ষ থেকেও সম্মতি রয়েছে।প্রশ্ন হল, তাদের এ বিবাহ কি শরীয়তসম্মত হবে?উত্তর:হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে পিতার জন্য সন্তানের দুধ মাতা-খালাকে বিবাহ করা জায়েয হবে। কেননা কোনো মহিলা সন্তানের দুধ মা হলেই তার সাথে পিতার বিবাহ নাজায়েয হয়ে যায় না। তবে তাদের এ বিবাহ উক্ত মহিলার স্বামীর মৃত্যুর ইদ্দত শেষ হওয়ার পর হতে হবে।-বাদায়েউস সানায়ে ৩/৪০০; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬৫; ফাতাওয়া খানিয়া ১/৪১৭
- প্রশ্ন:একজন নিঃসন্তান বিধবা নারীর উপর হজ্ব ফরয হয়েছে। তার আপন ভাই আছে, কিন্তু তাদের উপর হজ্ব ফরয নয়। তবে বিধবার ছোট বোন ও তার স্বামী হজ্বের সফরে যাচ্ছে। উক্ত বিধবা তাদের সাথে হজ্বের জন্য নিয়ত করেছে।এখন প্রশ্ন হল, ছোট বোন ও তার স্বামীর সাথে বিধবার হজ্বের জন্য যাওয়ার বিষয়ে শরীয়তের বিধান কী?উত্তর:হজ্বের সফরেও মহিলাদের জন্য মাহরাম থাকা আবশ্যক। সহীহ মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার পিতা, ছেলে, স্বামী বা ভাই অথবা অন্য কোনো মাহরাম ছাড়া তিনদিন (৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার) বা তার চেয়ে বেশি দূরত্বের কোথাও সফর করা বৈধ নয়।-সহীহ মুসলিম, হাদীস ১৩৪০হযরত ইবনে আব্বাস রা. বলেন, আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি, .. কোনো মহিলা যেন মাহরাম ছাড়া কোথাও সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী তো (মাহরাম ছাড়াই) হজ্বের উদ্দেশ্যে রওনা করেছে। আর আমি তো অমুক যুদ্ধে যাব বলে নাম লিখিয়েছি। আল্লাহর রাসূল বললেন, যাও, তুমিও তোমার স্ত্রীর সাথে গিয়ে হজ্ব কর। -সহীহ মুসলিম, হাদীস ১৩৪১সুতরাং প্রশ্নোক্ত মহিলার জন্য তার বোন ও তার স্বামীর সাথে হজ্বে যাওয়া জায়েয হবে না। মাহরামের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আর শারীরিক সক্ষমতা থাকা পর্যন্ত যদি মাহরামের ব্যবস্থা না হয় তাহলে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে কাউকে দিয়ে বদলি হজ্ব করাতে হবে বা বদলি হজ্বের অসিয়ত করে যেতে হবে।উল্লেখ্য যে, শরীয়তের বিধান অনুযায়ী যেমন মহিলাদের জন্য হজ্বের সফরে স্বামী বা মাহরাম থাকা জরুরি তেমনি বাস্তবতার আলোকেও হজ্বের কার্যাবলি সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য পুরো সফরে মহিলার জন্য মাহরামের প্রয়োজন। তাছাড়া সৌদি সরকারের আইন অনুযায়ী মহিলার সাথে মাহরাম থাকা বাধ্যতামূলক। মাহরাম সাথে না থাকলে হজ্ব এজেন্সিগুলো ভুয়া মাহরাম বানিয়ে বিভিন্ন পর্যায়ের মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। হজ্বের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে গিয়ে এমন গর্হিত কাজে লিপ্ত হওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়।-রদ্দুল মুহতার ২/৪৫৮; মানাসিক, মোল্লা আলী কারী ৫৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন