- প্রশ্ন:হজ্ব করার মতো কোনো আর্থিক সামর্থ্য আমার ছিল না। কিন্তু মনে হজ্ব করার খুব আগ্রহ ছিল। এরপর মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম-এর হজ্ব সফরনামা ‘‘বাইতুল্লাহর মুসাফির’’ পড়ে আগ্রহ আরো বেড়ে যায়। ফলে ২০১০ সালে আমার এক বন্ধুর সাথে হজ্বে যাই। আমার হজ্বের যাবতীয় খরচ সে বহন করেছে এ শর্তে যে, পরবর্তীতে সময়-সুযোগমতো তাকে আমি ঐ টাকা পরিশোধ করে দিব। হজ্ব করে আসার পর দুই বছরের মধ্যে আমি তাকে ঐ টাকা পরিশোধ করে দিয়েছি। এখন আমার কাছে অনেক টাকা পয়সা আছে। এ বছর আমি আবার হজ্ব করতে চাচ্ছি। তাই হুযুরের নিকট জানতে চাই যে, আমার অস্বচ্ছল অবস্থায় আদায়কৃত হজ্ব কি ফরয হিসেবে আদায় হয়েছে? আর এ বছর আমি কোন হজ্বের নিয়ত করব, ফরয নাকি নফল হজ্বের? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।
উত্তর:
অস্বচ্ছল অবস্থায় কেউ ঋণ করে হজ্ব আদায় করলেও তা ফরয হিসেবেই আদায় হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ঐ হজ্ব ফরয হিসেবেই আদায় হয়েছে। এক্ষেত্রে পরবর্তীতে হজ্ব করলে তা নফল গণ্য হবে। তবে ঐ হজ্বের এহরামের সময় আপনি যদি সুনির্দিষ্টভাবে নফল হজ্বের নিয়ত করে থাকেন তা নফল হিসেবেই আদায় হয়েছে। ফরয হজ্ব আদায হয়নি। সামনে তা আদায় করে নিতে হবে।-গুনইয়াতুন নাসিক ৩২; বাদায়েউস সানায়ে ২/২৯৪; মানাসিক, মোল্লা আলী কারী ৪১; আলবাহরুল আমীক ১/৩৮৬ - প্রশ্ন:
আমার মামার মোবাইলের পার্টসের দোকান আছে। মামা চীন থেকে মাল এনে দেশে পাইকারী ব্যবসা করেন। হুযুরের কাছে আমার প্রশ্ন হল, যাকাতের হিসাবের ক্ষেত্রে ঐ পার্টসের মূল্য কীভাবে নির্ধারণ করা হবে? এ দেশের মূল্য হিসেবে, নাকি চীনের? বিক্রয় মূল্য নাকি ক্রয়মূল্য? খুচরা মূল্য না পাইকারি মূল্য? আর যাকাতের হিসাবের ক্ষেত্রে ব্যবসার মাল কি ব্যক্তিগত মালের সাথে যুক্ত হবে, নাকি ব্যক্তিগত সম্পদ আর ব্যবসার সম্পদের নেসাব ভিন্ন ভিন্ন?উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মামা যেদিন যাকাত আদায় করবেন সেদিন দেশের মার্কেটে পার্টসের পাইকারি মূল্য যত হবে সে হিসাবে যাকাত আদায় করবেন। এক্ষেত্রে দেশের পাইকারি বিক্রয় মূল্য ধর্তব্য হবে, ক্রয় মূল্য নয়। আর বছর পূর্ণ হলে ব্যবসার মালের সাথে ব্যক্তিগত স্বর্ণ-রূপা, টাকা-পয়সা ইত্যাদি যাকাতযোগ্য সব ধরনের সম্পদই হিসাব করতে হবে এবং যাকাতযোগ্য সকল সম্পদের যাকাত আদায় করতে হবে।-কিতাবুল আমওয়াল, আবু উবায়েদ কাসেম ইবনে সালস্নাম পৃ. ৫২১; বাদায়েউস সানায়ে ২/১১১; আদ্দুররুল মুখতার ২/২৮৬, ২/৩০৩; আলবাহরুর রায়েক ২/২২২, ২/২২৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৬৫ - প্রশ্ন:
আমার খালাম্মার গয়নাগাটিসহ প্রায় পাঁচ লক্ষ টাকার যাকাতযোগ্য সম্পদ আছে এবং সেই সাথে আরো এক লক্ষ টাকা মোহর বাবদ খালুর কাছে পাওনা আছে। আমার প্রশ্ন হল, খালাম্মা যখন যাকাত আদায় করবেন তখন কি মোহরের ঐ এক লক্ষ টাকারও যাকাত আদায় করতে হবে?
উত্তর:
না, আপনার খালাম্মা মহরের যে এক লক্ষ টাকা এখনো পাননি সে টাকার যাকাত তাকে এখন আদায় করতে হবে না। মহরের টাকা হসত্মগত হওয়ার পূর্বে ঐ টাকার উপর যাকাত আসে না।-আলমাবসূত, সারাখসী ২/১৯৫; আদ্দুররুল মুখতার ২/৩০৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২; বাদায়েউস সানায়ে ২/৯০; আলবাহরুর রায়েক ২/২০৭ - প্রশ্ন:
আমি ও আমার স্ত্রী উভয়েই নেসাবের মালিক। আমার শ্বশুর অনেক সম্পদের মালিক ছিলেন। কিন্তু তার সৎ ভাইয়েরা জালিয়াতি করে সব সম্পদ লুটে নেয়। পরবর্তীতে মামলা মোকদ্দমা করেও তার কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় আমার শ্বশুর ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর পরিবারটি বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বাড়ির ভিটা ছাড়া কোনো সম্পদই তার অবশিষ্ট নেই। পরিবারের বর্তমান সদস্য সংখ্যা ৮ জন। এদের মধ্যে ৫ জন প্রাপ্ত বয়স্ক বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক। বড় ছেলে স্বল্প বেতনে শিক্ষকতা করে এবং মাত্র এক হাজার টাকা পরিবারে খরচ হিসেবে দেয়। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। তাদের অবস্থা ভাল। আমার শ্বশুরের আত্মীয়স্বজন আর্থিকভাবে অস্বচ্ছল। তারা আমার শ্বশুর বাড়িতে নির্দিষ্ট সময় বিশেষ করে দুই ঈদে তাদের আর্থিকভাবে সহায়তা করে থাকে। সাহায্যের ধরন থেকে স্পষ্ট বোঝা যায় যে, তাদেরকে যাকাতের টাকা দ্বারা সাহায্য করা হয়।আমার জানার বিষয় হল, আমরা যেহেতু উভয়েই নেসাবের মালিক তাই আমাদের জন্য শ্বশুর বাড়ির খাবার-দাবার কি বৈধ? সেখান থেকে আমাদেরকে কোনো কিছু দিলে তা নেওয়া যাবে কি? যদি না হয় তাহলে আমরা যদি সেখানে বেড়াতে যাই তখন আমাদের করণীয় কী?
উত্তর:
প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার শ্বশুর বাড়ির লোকজনের জন্য যাকাত গ্রহণ করা জায়েয। তারা যাকাত হস্তগত করার পর এ থেকে আপনাদেরকে কোনো কিছু হাদিয়া দিলে কিংবা দাওয়াত করে খাওয়ালে তা গ্রহণ করা জায়েয হবে। কেননা যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তি যাকাত হস্তগত করার পর তা তার নিজস্ব মাল হয়ে যায়। তা যাকাতের মালের হুকুমে থাকে না। অতএব তারা নিজেদের অন্যান্য সম্পদের মতো এই টাকা থেকেও ধনী-গরিব যে কাউকে দাওয়াত দিতে পারবে এবং ধনীদের জন্য তা গ্রহণ করা বৈধ হবে।-সহীহ বুখারী, হাদীস : ৫০৯৭; ফাতহুল বারী ৫/২৪৩; শরহুল মাজাল্লাহ, মাদ্দাহ : ৯৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২০৩; উমদাতুল কারী ৯/৯২; বাযলুল মাজহূদ ৮/১৯৮; আলইসতিযকার ৫/৭৪; মানাসিক ৩৯৩ - প্রশ্ন:
আমাদের বাসা ক্যান্টনমেন্টে। গাজীপুরে আমাদের একটি পাঁচতলা বাড়ি আছে। আমরা সেটি ভাড়া দেই। আমাদের ঐ বাড়ির উপর কি যাকাত দিতে হবে?উত্তর:
না, ঐ বাড়ির মূল্যের উপর যাকাত দিতে হবে না। তবে ঐ বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া বছর শেষে নেসাব পরিমাণ হলে তার যাকাত দিতে হবে।-ফাতাওয়া খানিয়া ১/২৫৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩৯২
mohilangon
সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন