- প্রশ্ন:কিছুদিন আগে এক দাওয়াতি সফরে রাঙামাটি গিয়েছিলাম। সেখানে কাদিয়ানীদের দাওয়াতে এক গ্রামের ৯-১০টি পরিবার একসাথে একই সময়ে কাদিয়ানী হয়ে যায়। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদেরকে দীর্ঘদিন বোঝানোর পর তারা আবার ফিরে আসে।এখন প্রশ্ন হল, তাদের পূর্বের বৈবাহিক সম্পর্কের কী হবে? প্রথমে ইসলাম ধর্ম থেকে সপরিবারে কাদিয়ানী হয়ে যাওয়া পরে আবার ইসলাম ধর্মে ফিরে আসায় কি তাদের পূর্বের বিবাহ সম্পর্ক বহাল থাকবে? যদি না থাকে তাহলে তাদের ব্যাপারে এখন করণীয় কী?উত্তর:প্রশ্নের বর্ণনা অনুযায়ী তারা যেহেতু সপরিবারে একসঙ্গে একই সময় কাদিয়ানী হয়ে গেছে এবং পরে আবার তওবা করে একসঙ্গে সপরিবারে ইসলাম ধর্মে ফিরে এসেছে তাই তাদের পূর্বের বিবাহ বহাল আছে। এখন তারা পূর্বের ন্যায় দাম্পত্য জীবন চালিয়ে যেতে পারবে। নতুন করে বিবাহ করতে হবে না।-মুখতাসারুত তহাবী ২৫/-২৫৯; আলমুহীতুল বুরহানী ৪/১৯৫; আলমাবসূত, সারাখসী ৫/৪৯; আততাজরীদ ৯/৪৫৫১; বাদায়েউস সানায়ে ২/৬৫৬; রদ্দুল মুহতার ৩/১৯৬
- প্রশ্ন:আমি একজন ব্যবসায়ী। ব্যবসার মূলধন ছাড়া প্রয়োজন অতিরিক্ত হজ্ব করার মতো সম্পদ নেই। তবে ব্যবসার মূলধন বিক্রি করে হজ্ব করতে পারব। কিন্তু পরে ব্যবসা করার জন্য কোনো মূলধন বাকি থাকবে না। ঋণ নিয়ে ব্যবসা করতে হবে। উল্লেখ্য যে, ব্যবসার আয় থেকেই পরিবারের খরচ নির্বাহ করি। হুযুরের নিকট জানতে চাই, এ অবস্থায় আমার উপর হজ্ব ফরয হবে কি না? জানালে কৃতজ্ঞ হব।উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ব্যবসার উপরই যেহেতু আপনার সংসারের ব্যয় নির্ভরশীল এবং ব্যবসার টাকা দিয়ে হজ্বে গেলে পুঁজিই শেষ হয়ে যাবে তাই এক্ষেত্রে ঐ ব্যবসার মূলধন প্রয়োজনের অন্তর্ভুক্ত। অতএব ঐ ব্যবসার মূলধনের কারণে আপনার উপর হজ্ব ফরয হবে না। অবশ্য সংসারের খরচ নির্বাহ হয়ে যায়- এ পরিমাণ ব্যবসার মাল রেখে অতিরিক্ত সম্পদ দ্বারা হজ্ব করা যখন সম্ভব হবে তখন হজ্ব ফরয হবে।-আদ্দুররুল মুখতার ২/৪৬২; আলবাহরুর রায়েক ২/৩১৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮;
- প্রশ্ন:গত মুহাররমের ৭ তারিখে আমার এক আত্মীয় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তার উপর যাকাত ফরয ছিল। তার যাকাত-বর্ষের তারিখ ছিল ১ মুহাররম। প্রতি বছর তিনি হিসাব করেই যাকাত আদায় করতেন। কিন্তু এবার আর সে সুযোগ তার হয়নি এবং তিনি এ ব্যাপারে কোনো অসিয়ত করেননি।এখন তার পরিবারের পক্ষ থেকে জানার বিষয় হল, তাদেরকে কি মৃতের রেখে যাওয়া সম্পদ থেকে তার অনাদায়ী যাকাত আদায় করতে হবে, নাকি তার যাকাতের টাকাও অন্যান্য সম্পদের মতো মীরাছ হিসেবে বণ্টিত হবে?উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃত ব্যক্তি যেহেতু তার যাকাত আদায়ের অসিয়ত করেননি তাই তার পরিত্যক্ত সম্পদ থেকে যাকাত আদায় করা জায়েয হবে না; বরং তার পরিত্যক্ত পুরো সম্পদই মীরাছ হিসেবে ধর্তব্য হবে। অবশ্য ঐ ব্যক্তির বালেগ ওয়ারিশগণ নিজেদের অংশ থেকে তার অনাদায়ী যাকাত দিয়ে দিলে তারা সওয়াবের অধিকারী হবে এবং মৃত ব্যক্তিও এর দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে যদি সকল ওয়ারিশ বালেগ হয় এবং তারা প্রত্যেকেই স্বতঃস্ফ‚র্তভাবে কাজটি করতে চায় তাহলে ইজমালি সম্পদ থেকেও কাজটি সমাধা করতে পারবে।-শরহু মুখতাসারিত তহাবী ২/৩৫৭; বাদায়েউস সানায়ে ২/১৬৮; আদ্দুররুল মুখতার ২/২৯৪; আলমাবসূত, সারাখসী ২/১৮৫, ১৮৬; দুরারুল হুককাম ১/১৭৯
- প্রশ্ন:আমি একজন ব্যবসায়ী। আমার দোকানে ব্যবসার পণ্য আছে প্রায় দশ লক্ষ টাকার। আমি যথাসম্ভব নগদেই বিক্রি করে থাকি। কিন্তু ব্যবসার খাতিরে অনেক সময় বাকিও দিতে হয়। এভাবে মানুষের কাছে আমার প্রায় সত্তর-আশি হাজার টাকা বাকি আছে। আমার প্রশ্ন হল, যাকাতবর্ষ শেষ হলে ঐ বাকি টাকারও কি যাকাত দিতে হবে?উত্তর:হাঁ, মানুষের নিকট পাওনা টাকাও যাকাতযোগ্য সম্পদ। তবে বকেয়া টাকা হস্তগত হওয়ার পূর্বে তার যাকাত আদায় করা আবশ্যক নয়। তাই আপনি চাইলে টাকাগুলো হস্তগত হওয়ার পরও যাকাত আদায় করতে পারবেন। সেক্ষেত্রে পিছনের বছরগুলোর হিসাব করে সেগুলোর যাকাত দিতে হবে।-আলমাবসূত, সারাখসী ২/১৯৫; বাদায়েউস সানায়ে ২/৯০; আলবাহরুর রায়েক ২/২০৭-২০৮; আদ্দুররুল মুখতার ২/৩০৫
- প্রশ্ন:এতেকাফকারী কি জানাযা পড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে? এতে কি তার এতেকাফ নষ্ট হয়ে যাবে?উত্তর:ইতিকাফকারী জানাযা পড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না। জানাযার জন্য বাইরে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে।-সুনানে আবু দাউদ, হাদীস ২৪৭৩; আসসুনানুল কুবরা, বাইহাকী, হাদীস ৮৫৯৪; কিতাবুল আসল ২/১৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন