- প্রশ্ন:
ভাইবোনসহ আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট পাঁচজন। সকলের সদাকাতুল ফিতর আমাদের পিতা নিজেই আদায় করে থাকেন। তিনি ফিতরার টাকাগুলো প্রত্যেক ফকীরকে ১৫/২০ টাকা হারে ভাগ করে দেন। হুজুরের নিকট আমার প্রশ্ন হল, এভাবে এক ফিতরা কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে কি? নাকি এক সদাকাতুল ফিতরের পুরোটা এক ফকীরকে দেওয়া জরুরি?
উত্তর:
একটি ফিতরা একাধিক ব্যক্তিকেও দেওয়া জায়েয। তাই একেকজনকে ১৫/২০ টাকা করে দিলেও আদায় হয়ে যাবে। তবে একটি ফিতরা একজনকে দেওয়া উত্তম।-বাদায়েউস সানায়ে ২/২০৮; আলবাহরুর রায়েক ২/২৫৫; রদ্দুল মুহতার ২/৩৬৭; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৩৯৫ - প্রশ্ন:
এক ব্যক্তির তিন মেয়ে দুই ছেলে। তাদের মধ্যে এক ছেলে পড়াশোনা করে। ছেলে হল বালেগ। আমার প্রশ্ন হল, ঐ ব্যক্তির নগদ ২ লক্ষ টাকা আছে। সে জানে তার উপর যাকাত ওয়াজিব হয়েছে। টাকাগুলো ২ বছর তার অধীনে আছে। সে যাকাতের টাকাগুলো তার ঐ ছেলের পিছনে খরচ করতে চাচ্ছে। এটা কী বৈধ হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর:
সন্তানাদিকে যাকাত দেওয়া জায়েয নয়। সন্তান বালেগ হলেও সে পিতামাতার যাকাত গ্রহণ করতে পারবে না। তাই সন্তানকে যাকাতের টাকা দিলে বা তার পড়ালেখার পেছনে এ টাকা খরচ করলে যাকাত আদায় হবে না।-আল মুহীতুল বুরহানী ৩/২১২; আদ্দুররুল মুখতার ২/৩৪৬ - প্রশ্ন:
গত রমযানে একদিন আমি রোযা অবস্থায় ভুলে পানি পান করে ফেলি। ফলে রোযা ভেঙ্গে গিয়েছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করি। এখন আমার করণীয় কী? আমাকে কি রোযার কাযা ও কাফফারা উভয়টা আদায় করতে হবে?
উত্তর:
প্রশ্নোক্ত অবস্থায় ভুলে পানি পান করার কারণে আপনার রোযা ভাঙ্গেনি। কারণ রোযা অবস্থায় ভুলে পানাহার করলে রোযা ভাঙ্গে না। পরে রোযা ভেঙ্গে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহারের কারণে রোযা ভেঙে গেছে। এক্ষেত্রে রোযা ভেঙ্গে গেছে মনে করে সংশয়ে পড়ে পানাহার করার কারণে আপনার উপর ঐ রোযার শুধু কাযা ওয়াজিব হবে, কাফফারা দিতে হবে না তবে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে বিজ্ঞ কোনো আলেম থেকে সঠিক মাসআলা না জেনে নিজের ধারণা অনুযায়ী আমল করা অন্যায়। এ ব্যাপারে সতর্ক থাকা জরুরী।-সহীহ বুখারী, হাদীস : ১৯৩৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; ফাতাওয়া খানিয়া ১/২০৭; আলবাহরুর রায়েক ২/২৭১; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৬; আদ্দুররুল মুখতার ২/৪০১-৪০২; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৩৬৮ - প্রশ্ন:
আমার আম্মা দীর্ঘদিন ধরে মানসিক এবং হৃদরোগে আক্রান্ত। এ কারণে তিনি অত্যন্তদুর্বল হয়ে পড়েছেন। ডাক্তার নিয়মিত ঔষধ খেতে বলেছেন। কোনো সময় ঔষধ না খেলে অসুস্থতা অনেক বেড়ে যায়। তাই আম্মা রমযান মাসে রোযা রাখতে পারেন না। গত রমযান মাসে কয়েকটি রোযা রাখার পর অসুস্থতা ও দুর্বলতা অনেক বেড়ে গিয়েছিল। তাই পরে আর রোযা রাখতে পারেননি।জানার বিষয় হল, এ অবস্থায় আমার আম্মার জন্য রমযান মাসে রোযা না রেখে ফিদয়া দেওয়া জায়েয হবে কি? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর:
হাঁ, এ অবস্থায় আপনার আম্মার জন্য রমযান মাসে রোযা না রেখে ফিদয়া দেওয়া জায়েয হবে। তবে পরবর্তীতে কখনো রোযা রাখার মতো সুস্থতা ফিরে পেলে এ রোযাগুলোর কাযা করে নিতে হবে। সেক্ষেত্রে পূর্বের ফিদয়া যথেষ্ট হবে না। কারণ ফিদয়ার হুকুম ঐ ব্যক্তির জন্য প্রযোজ্য, যে পরবর্তীতে কাযা আদায়ে সক্ষম নয়।-রদ্দুল মুহতার ২/৪২৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৩৭৫-৩৭৬ - প্রশ্ন:
সড়ক দুর্ঘটনায় আমাদের মসজিদের ইমাম সাহেবের ডান পায়ের গোড়ালি ভেঙ্গে যায়। তিনি দু সপ্তাহ ছুটিতে ছিলেন। গত সপ্তাহে তিনি মসজিদে আসেন এবং না দাঁড়িয়ে মিম্বরে বসেই খুতবা দেন। অথচ সেই স্থানে দাঁড়িয়ে খুতবা দেওয়ার মতো আলেম বিদ্যমান ছিলেন। এ অবস্থায় খতিব সাহেবের জন্য কি বসে খুতবা দেওয়া ঠিক হয়েছে? বসে খুতবা দেওয়ার হুকুম কি? দাঁড়িয়ে খুতবা দেওয়া কি জরুরি? বিস্তারিত জানালে উপকৃত হব।উত্তর:
দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নত। বিনা ওজরে বসে খুতবা দেওয়া মাকরূহ। হাদীস শরীফে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জুমআর খুতবা দিতেন এবং উভয় খুতবার মাঝে সামান্য পরিমাণ সময় বসতেন। -সহীহ মুসলিম, হাদীস : ৮৬১অবশ্য ওজরের কারণে বসে খুতবা দেওয়ার অবকাশ আছে। হযরত মুআবিয়া রা. শেষ বয়সে বসে খুতবা দিয়েছেন বলে প্রমাণিত আছে। তাই উপরোক্ত ওজরের কারণে খতিবের জন্য বসে খুতবা দেওয়া নাজায়েয হয়নি।
-মুসান্নাফে আব্দুর রাযযাক; ৫২৫৯; বাদায়েউস সানায়ে ১/৫৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৬; আলবাহরুর রায়েক ২/১৪৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন