সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

  • প্রশ্ন:
    আমার এক বন্ধু তার নিজ খরচে আমাকে হজ্বে নিয়ে গেছে। আমার উপর বর্তমানে হজ্ব ফরয নয়। আমি জানতে চাই যে, পরবর্তীতে আমি যদি হজ্বের খরচ সমপরিমাণ সম্পদের মালিক হই তাহলে আমাকে কি পুনরায় হজ্ব করতে হবে? জানিয়ে বাধিত করবেন।

    উত্তর:
    ফরয হজ্ব আদায় হওয়ার জন্য নিজ খরচে হজ্ব করা জরুরি নয়। বরং অন্যের খরচে হজ্ব করলেও ফরয হজ্ব আদায় হয়ে যায়। তবে যদি কেউ ইচ্ছা করে নফল হজ্ব আদায়ের নিয়ত করে থাকে সেটা ভিন্ন কথা। এক্ষেত্রে তার ফরয হজ্ব আদায় হবে না। তবে সাধারণ হজ্বের নিয়তে করলে ফরয হজ্বই আদায় হবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ইহরামের সময় আপনি নফল হজ্বের নিয়ত না করে থাকলে এর দ্বারা আপনার ফরয হজ্বই আদায় হয়েছে। পরবর্তীতে সামর্থ্যবান হলেও আপনার উপর পুনরায় হজ্ব করা ফরয হবে না। পরবর্তীতে হজ্ব করলে তা নফল হিসেবেই গণ্য হবে।
    - ফাতাওয়া খানিয়া ১/২৮১; রদ্দুল মুহতার ২/৪৬০

  • প্রশ্ন:
    আমাদের এলাকার জামে মসজিদে আযানের পর নামাযের আনুমানিক ৫ মিনিট পূর্বে মুয়াযযিন সাহেব মাইকে
    سووا صفوفكم، فإن تسوية الصفوف من إقامة الصلاة .
    এবং নামাযের ৫ মিনিট বাকি আছে বলে মুসল্লিদেরকে আহ্বান করে।
    জানার বিষয় হল, জামাতের পূর্বে এরূপ বলে ডাকা যাবে কি না? সহীহ হাদীসের আলোকে জানালে কৃতজ্ঞ হব।

    উত্তর:
    প্রশ্নের বর্ণনা অনুযায়ী আযানের পর পুনরায় ঐভাবে ডাকাডাকি করা ঠিক নয়। তাছাড়া যে হাদীসটি বলে ডাকাডাকি করা হয় তা এই সময় বলাও প্রযোজ্য নয়। কেননা হাদীসটির অর্থ হল, তোমরা কাতার সোজা কর। কেননা কাতার সোজা করা নামায কায়েম করার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কথা জামাত শুরু করার ঠিক আগ মুহূর্তে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলতেন যেন সকলে কাতার সোজা করে নেয়।
    সহীহ বুখারী ও মুসলিমের বর্ণনামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার জন্য ঐ কথা নামাযের ইকামত হয়ে যাওয়ার পর বলতেন। -সহীহ বুখারী, হাদীস ৭১৯; সহীহ মুসলিম, হাদীস ৪৩৬
    এছাড়া সাহাবায়ে কেরামও কাতার সোজা করার কথা বলতেন ইকামত হয়ে যাওয়ার পর। নাফে রাহ. বলেন, উমর রা. এক ব্যক্তিকে কাতার সোজা করার জন্য পাঠাতেন। ঐ ব্যক্তি উমর রা.-এর নিকট যতক্ষণ পর্যন্ত কাতার সোজা হওয়ার সংবাদ না দিতেন উমর রা. ততক্ষণ পর্যন্ত তাকবীর বলতেন না। -মুসান্নাফে আব্দুর রাযযাক : ২৪৩৭
    মালেক ইবনে আবু আমের রাহ. বলেন, যখন নামাযের ইকামত হত উসমান রা. লোকদেরকে বলতেন, তোমরা কাতার সোজা করে নাও, কাঁধে কাঁধ মিলাও। কেননা কাতার সোজা করা নামাযের পূর্ণতার অংশ। এরপর তিনি ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরীমা বলতেন না যতক্ষণ না লোকেরা সংবাদ দিত যে, কাতার সোজা হয়েছে। তখন তিনি তাকবীর বলে নামায শুরু করতেন। -মুসান্নাফে আব্দুর রাযযাক : ২৪৪২
    সুতরাং কাতার সোজা করার কথা তো বলা হবে জামাতের সময় হওয়ার পর মসজিদে উপস্থিত লোকদের উদ্দেশ্যেই। এ কথা বাইরের লোকদেরকে ডাকাডাকির ক্ষেত্রে প্রয়োগ করা অনর্থক।
    আর আযানের পর পুনরায় ডাকাডাকির প্রচলন গড়লে এতে আযানের গুরুত্ব কমে যাবে। সেক্ষেত্রে অনেক মানুষ আযানকে গুরুত্ব না দিয়ে দ্বিতীয় ঘোষণার অপেক্ষায় থাকবে।
    আযানের অন্যতম উদ্দেশ্য হল, লোকদেরকে নামাযের ওয়াক্ত সম্পর্কে অবহিত করা এবং জামাতের সময় অতি নিকটে তা জানানো। যেন আযান শুনে লোকজন কর্মব্যস্ততা ছেড়ে নামাযের প্রস্তুতি নিয়ে মসজিদে হাজির হয়ে যায়।

  • প্রশ্ন:
    ক) কিছুদিন আগে আমাদের মসজিদে মাগরিব নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে মসজিদের অস্থায়ী ইমাম মাইকে বয়ান আরম্ভ করেন। যা ইতিপূর্বে করা হয়নি। তাই জানতে চাই, এই সময় বয়ান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা-তাবেয়ীন থেকে প্রমাণিত আছে কি?
    খ) উক্ত সময় ইমাম সাহেবের বয়ানের বিষয়ে চার মাযহাবের বিধান কী? মাগরিবের নামাযে কোনো কোনো মাযহাবে আযানের পর ইকামতের মধ্যবর্তী সময়ে নামায পড়ার বিধান আছে। তাই কেউ নামায পড়বে কেউ ইমামের বয়ান শুনবে। এক্ষেত্রে ইমাম সকল মাযহাবের মুসল্লি নিয়ে নামায কীভাবে পড়বেন?

    উত্তর:
    ক) ওয়ায-নসীহত, দ্বীনী বয়ান ও মাসআলা-মাসাইলের আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়। মুসল্লিগণকে দ্বীনী কথাবার্তা ও প্রয়োজনীয় মাসআলা-মাসাইলের তালিম দেওয়া একজন ইমামের মৌলিক দায়িত্ব। তবে ওয়ায-নসীহত, বয়ান ইত্যাদির জন্য মাগরিবের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়টি উপযুক্ত সময় নয়। কেননা মাগরিবের আযান ও ইকামতের মাঝে স্বল্প বিরতি থাকে। যা নামাযের প্রস্তুতির জন্যই প্রয়োজন। এছাড়া এত অল্প সময়ে বয়ানে বা মাসআলার উপস্থাপনায় মুসল্লিদের কাছে অনেক বিষয় অস্পষ্ট থেকে যেতে পারে। দ্বিতীয়ত আযান-ইকামতের মধ্যবর্তী এ সময়টি হাদীসের নির্দেশনা অনুযায়ী দুআ কবুলের সময়। তাই এ সময় ওয়ায করা বা মাসআলা বলার জন্য উত্তম সময় নয়। অবশ্য ইমাম চাইলে কোনো দিন প্রয়োজনে এ সময়ও কোনো বিষয় বা মাসআলা আলোচনা করতে পারেন। কেননা এ সময় অল্পস্বল্প কিছু বলা তো নিষিদ্ধ নয়। তাই কোনো দিন এ সময় আলোচনা করতে চাইলে জামাতের নির্দিষ্ট সময়ের পূর্বেই আলোচনা শেষ করে দেওয়া উচিত হবে। আর সংক্ষিপ্ত এ সময়ে দুর্বোধ্য ও জটিল কোনো মাসআলা বা বিষয়ের আলোচনা করা থেকেও বিরত থাকতে হবে। জটিল কোনো বিষয়ের আলোচনা করা জরুরি হলে তা ভিন্ন কোনো সময়ে করবে।
    খ) মাগরিবের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নফল নামায পড়া সুন্নত বা মুস্তাহাব নয়। তবে তা জায়েয আছে। খোলাফায়ে রাশেদীনসহ সাহাবায়ে কেরামের অনেকেই এ সময় কোনো নামায পড়তেন না।
    যেমন সুনানে আবু দাউদে বর্ণিত আছে যে, আবদুল্লাহ ইবনে উমর রা.কে মাগরিবের ফরযের পূর্বে দুই রাকাত নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে কাউকে উক্ত নামায পড়তে দেখিনি। -সুনানে আবু দাউদ, হাদীস : ১২৭৮
    মুসান্নাফে আবদুর রাযযাকে সায়ীদ ইবনুল মুসায়্যিব রাহ. থেকে বর্ণিত,তিনি বলেন,মুহাজির সাহাবীগণ মাগরিবের আগে দুই রাকাত নামায পড়তেন না। আর আনসারী সাহাবীগণ তা পড়তেন। -মুসান্নাফে আবদুর রাযযাক,হাদীস : ৩৯৮৪
    ইবরাহীম নাখায়ী রাহ. বলেন,আবু বকর,উমর ও উসমান রা. মাগরিবের পূর্বে দুই রাকাত নামায পড়তেন না।-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস : ৩৯৮৫
    হাম্মাদ ইবনে আবী সুলাইমান থেকে বর্ণিত,তিনি বলেন,আমি ইবরাহীম নাখায়ী রাহ.-কে মাগরিবের পূর্বে নফল নামায সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা পড়তে নিষেধ করলেন এবং বললেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ও উমর রা. তা পড়েননি। -কিতাবুল আছার ১/১৬৩
    সুতরাং খোলাফায়ে রাশেদীনসহ সাহাবায়ে কেরামের অনেকেই যেহেতু এ সময় কোনো নফল নামায পড়তেন না এবং এ সময়ের নফল নামাযের বিশেষ কোনো ফযীলতও হাদীসে বর্ণিত নেই; অন্যদিকে মাগরিবের নামায আযানের পর বিলম্ব না করে দ্রুত আদায় করার কথা অন্যান্য হাদীসে এসেছে তাই এসব বিষয়ের উপর ভিত্তি করে হানাফী,মালেকী ও হাম্বলী মাযহাবের ফকীহগণ উক্ত দু’ রাকাত নফল নামাযকে সুন্নত বা মুস্তাহাব পর্যায়ের আমল হিসেবে গণ্য করেননি।
    আর শাফেয়ী মাযহাবে এ ব্যাপারে দুটি মত রয়েছে। একটি মত অনুযায়ী এ সময় দু’ রাকাত নফল পড়া মুস্তাহাব। আর অপর মত অনুযায়ী তা জায়েয। যারা মুস্তাহাব বলেন তারা এ সংক্রান্ত একটি হাদীস দ্বারা দলিল পেশ করেন। হাদীসটি হল-
    بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة، ثم قال في الثالثة : لمن شاء
     (অর্থ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক আযান ও ইকামতের মাঝে নামায রয়েছে। প্রত্যেক আযান ও ইকামতের মাঝে নামায রয়েছে। অতপর তৃতীয়বার বললেন, ‘যে ব্যক্তি চায়।’-সহীহ বুখারী, হাদীস : ৬২৭
    তবে ভিন্নমতের লোকজন বলেন যে,এটি শুধু জায়েয হওয়ার দলিল,মুস্তাহাব হওয়ার নয়।
    এখন প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আমাদের দেশের মুসল্লিগণ ব্যাপকভাবে হানাফী মাযহাবের অনুসারী আর সে অনুযায়ী মাগরিবের আযানের পর ফরযের পূর্বে যেহেতু নফল নামায পড়ার বিশেষ কোনো বিধানও নেই তাই ইমাম যদি একান্ত প্রয়োজনে মাগরিবের ফরযের পূর্বে কোনো আলোচনা করেন তবে তার এ আলোচনা এ সময়ের নামাযের প্রতিবন্ধক হবে না। অবশ্য কোনো মুসল্লি যদি এ সময় নফল নামাযে দাঁড়িয়ে যায় তবে তার নামাযে যেন ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখা সকলের কর্তব্য। অন্যদিকে ইমাম এ সময় কোনো আলোচনা শুরু করে দিলে তখন কারো জন্য নফলে দাঁড়ানোও উচিত নয়। -ফতহুল কাদীর ১/৩৮৮-৩৮৯; আদদুররুল মুখতার ২/১৪; মাওয়াহিবুল জালীল ২/৩৭০; আলমুগনী ২/৫৪৬

  • প্রশ্ন:
    কিছুদিন আগে এক অপরিচিত জায়গায় আমরা কয়েকজন যোহরের ওয়াক্তে খোলা ময়দানে জামাতের সাথে যোহরের নামায আদায় করি। নামায শেষ হলে স্থানীয় একজন বললেন, আমাদের কিবলার দিক ভুল ছিল। পরবর্তীতে পুনরায় নামায আদায় করতে চাইলে কেউ কেউ বলেছেন, নামায হয়ে গেছে। তাই আর পড়া হয়নি।
    এখন আমার জানার বিষয় হল, উপরোক্ত অবস্থায় আমাদের নামায কি আসলেই সহীহ হয়েছে? জানিয়ে বাধিত করবেন।
    উল্লেখ্য যে, কিবলার দিক নিয়ে আমরা কেউ সন্দিহান ছিলাম না। তাই যাচাই করার যথেষ্ট সুযোগ থাকা সত্তে¡ও যাচাই করা হয়নি।

    উত্তর:
    নামাযে কিবলামুখী হওয়া ফরয। আর প্রশ্নোক্ত অবস্থায় যেদিকে নামায পড়া হয়েছে সেটা যেহেতু কেবলার দিক ছিল না তাই আদায়কৃত নামায হয়নি। তা পুনরায় পড়ে নিতে হবে। যারা নামায হয়ে গেছে বলেছে তাদের কথা সহীহ নয়।
    -ফাতাওয়া হিন্দিয়া ১/৬৪; বাদায়েউস সানায়ে ১/৩১০; রদ্দুল মুহতার ১/৪৩৬; ফাতাওয়া খানিয়া ১/৭৫; আলবাহরুর রায়েক ১/২৮৭

  • প্রশ্ন:
    আমি একজন ট্রাক চালক। ট্রাক নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সফর করতে হয়। অনেক সময় জুমার দিন সফরে বের হতে হয়। এ অবস্থায় আমার জন্য কি জুমার দিন ১০/১২ টার সময় সফরে বের হওয়া জায়েয হবে?
    উল্লেখ্য যে, পথে জুমার নামায আদায় করা সম্ভব হয় না।

    উত্তর:
    জুমার দিন সফরে বের হয়ে পথিমধ্যে জুমা আদায় করা সম্ভব হলে জুমার দিন যে কোনো সময় সফরে বের হওয়া জায়েয আছে। আর সূর্য ঢলার পূর্বে সর্বাবস্থায় সফরে বের হওয়া জায়েয আছে। কিন্তু সফরে বের হলে পথিমধ্যে জুমা পড়া সম্ভব না হওয়ার আশঙ্কা হলে সূর্য ঢলার পর বিশেষ প্রয়োজন ছাড়া সফরে বের হওয়া মাকরূহ। তবে বিশেষ কোনো ওজরের ক্ষেত্রে আবশ্যক হয়ে পড়লে বের হতে পারবে।
    -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ৫১৫০; শরহুস সিয়ারিল কাবীর ১/৪৯; শরহুল মুনইয়া ৫৬৫; ইলাউস সুনান ৮/৭৯; রদ্দুল মুহতার ২/১৬২; আলমাওসূআতুল ফিকহিয়্যাহ, কুয়েত ২৫/৩৯; আলমাজমূ ৪/৩৬৫;

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন