সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

  • প্রশ্ন:

    কোনো কোনো মসজিদে দেখা যায় ইমাম-মুসল্লিগণ ইকামত শুরু হওয়ার সময় বসে থাকে। মুআযযিন যখন ‘হাইয়া আলাস সালাহ’ বলে তখন দাঁড়ায়। তারা বলে ইকামতের সময় এরূপ করা সকলের জন্য মুস্তাহাব। অতএব আমার জানার বিষয় হল, এ কথা কতটুকু সঠিক? জানালে উপকৃত হব।


    উত্তর:
     প্রশ্নোক্ত আমলটি সহীহ নয়। একাধিক হাদীসে ইকামতের শুরুতেই ইমাম-মুক্তাদী সকলে দাঁড়িয়ে যাওয়া এবং কাতার সোজা করার কথা বর্ণিত আছে। তবে ইমাম নামাযের জন্য না দাঁড়ানো পর্যন্ত মুসল্লিগণ দাঁড়াবে না। ইমামের আগেই মুসল্লিদের দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকা মাকরূহ।
    হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হুজরা থেকে) বের হওয়ার আগে বেলাল রা. ইকামত বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসতে দেখতেন তখন তিনি ইকামত বলা শুরু করতেন। -সহীহ মুসলিম, হাদীস ৬০৬
    হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযের জন্য আসতে দেখা গেলে ইকামত শুরু করে দেওয়া হত। আর সাহাবায়ে কেরাম কাতার সোজা করা শুরু করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় পৌঁছার পূর্বেই কাতার পুরোপুরি সোজা হয়ে যেত। -সহীহ মুসলিম, হাদীস ৬০৫
    অপর হাদীসে আছে, মুআযযিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইকামত শুরু করামাত্রই লোকেরা নামাযের জন্য দাঁড়িয়ে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় পৌঁছতে পৌঁছতে কাতার সোজা হয়ে যেত। -মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ১৯৪২
    সুতরাং ইমাম মেহরাবের কাছে উপস্থিত থাকুক বা মেহরাবের দিকে আসতে থাকুক উভয় অবস্থায় ইকামতের শুরুতে মুক্তাদীগণ দাঁড়িয়ে যাবে। কারণ কাতার সোজা করার গুরুত্ব অনেক বেশি। বহু হাদীসে এ ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
    নুমান বিন বাশীর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারগুলো এভাবে সোজা করতেন যেন তিনি এই কাতার দিয়ে তীর সোজা করবেন। এভাবে এক সময় তিনি নিশ্চিত হলেন যে, আমরা কাতার সোজা করার বিষয়টি ভালোভাবে বুঝে নিয়েছি। এরপর একদিন তিনি নামায পড়ানোর জন্য আসলেন এবং নির্ধারিত স্থানে দাঁড়ালেন। তিনি তাকবীর বলে নামায শুরু করবেন এমন সময় লক্ষ্য করলেন এক ব্যক্তির বুক কাতার থেকে কিছুটা সামনের দিকে বেড়ে আছে। তিনি তখন বললেন, আল্লাহর বান্দারা! তোমাদের কাতারগুলো সোজা করে নাও। অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিবেন। -সহীহ মুসলিম, হাদীস ৪৩৬
    হযরত উমর রা. কয়েকজন মানুষকে শুধু এজন্যই নির্ধারিত রেখেছিলেন যে, তারা মুসল্লিদের কাতার সোজা করবেন। তারা যখন এসে জানাতেন যে, কাতার সোজা হয়েছে তখন উমর রা. নামায শুরু করতেন।-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ২৪৩৭-২৪৩৯
    হযরত উসমান রা.-এর নিয়মও এমনই ছিল। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৩৫৫২

  • প্রশ্ন:
    আজকাল অনেক মহিলার সিজারের মাধ্যমে সন্তান হয়। সন্তান পরবর্তী যে স্রাব দেখা যায় তা কি নেফাসের রক্ত হিসেবে গণ্য হবে?

    উত্তর:
    সন্তান স্বাভাবিক নিয়মে ভূমিষ্ট হোক বা সিজার করে হোক এরপর মহিলার যে রক্তস্রাব আসে তা নেফাস বলেই গণ্য হবে।
    -আলবাহরুর রায়েক ১/২১৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭; আদ্দুররুল মুখতার ১/২৯৯

  • প্রশ্ন:
    অনেক সময় দেখা যায়, বিভিন্ন দোকান থেকে পণ্য যেমন,বই,খাতা ইত্যাদি ক্রয়ের পর যে প্যাকেটে করে তারা পণ্য দেয় তার গায়ে বিসমিল্লাহ লেখা থাকে। এ ধরনের প্যাকেটে বিসমিল্লাহ লেখা এবং তাতে পণ্য আদান-প্রদান করার হুকুম কী?

    উত্তর:
    বই, খাতা বা যে কোনো পণ্য বহনের জন্য যে প্যাকেট দেওয়া হয় তা সাধারণত হেফাযত করা হয় না। এক দুবার ব্যবহারের পর তা ফেলে দেওয়া হয়। রাস্তাঘাটে যত্রতত্র তা পড়ে থাকে। এতে আল্লাহ তাআলার পবিত্র নামের অসম্মান হয়। তাই এগুলোতে আল্লাহ তাআলার নাম বা বিসমিল্লাহ ইত্যাদি লেখা অন্যায়। কেননা আল্লাহ তাআলার নামের সম্মান রক্ষা করা সকলের ঈমানী দায়িত্ব।
    -ফাতাওয়া খানিয়া ৩/৪২৪; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩১; রদ্দুল মুহতার ২/২৪৬

  • প্রশ্ন:
    আমাদের এলাকায় একটি বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তা হল, আমরা এতদিন জেনে এসেছি যে, ইস্তেঞ্জার সময় টুপি, রুমাল বা গামছা ইত্যাদি দ্বারা মাথা ঢেকে নেওয়া মুস্তাহাব। খালি মাথায় ইস্তেঞ্জায় যাওয়া ঠিক নয়। কিন্তু আমাদের এলাকার এক আহলে হাদীস ভাই বললেন, খালি  মাথায় পেশাব-পায়খানা করতে কোনো অসুবিধা নেই। এ সময় মাথা ঢেকে রাখতে হবে- এমন কথা ঠিক নয়। এ ধরনের কথা হাদীস-আসারে প্রমাণিত নয়।
    আমি এ ব্যাপারে সঠিক নির্দেশনা জানতে চাই।

    উত্তর:
    ওই ব্যক্তির কথা ঠিক নয়; বরং ইস্তেঞ্জার সময় মাথায় কোনো কাপড় রাখা উত্তম। একেবারে খালি মাথায় ইস্তেঞ্জায় যাওয়া ঠিক নয়। ইস্তেঞ্জার সময় কাপড় ইত্যাদি দ্বারা মাথা আবৃত করে রাখার কথা সাহাবা-তাবেয়ীন থেকে প্রমাণিত।
    যেমন : উরওয়া রাহ.তাঁর পিতা বিখ্যাত সাহাবী যুবায়ের রা. থেকে বর্ণনা করেন যে, একবার আবু বকর সিদ্দীক রা. লোকদের উদ্দেশ্যে খুতবা দিতে গিয়ে বলেন, হে মুসলমান লোকসকল! তোমরা আল্লাহ তাআলার সাথে লজ্জা বজায় রাখ। ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য লোকালয় থেকে দূরে যাই তখন আমি আমার রবের থেকে লজ্জাবনত হয়ে মাথা ঢেকে নিই। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ১১৩৩
    মুসান্নাফে ইবনে আবী শাইবার অন্য এক বর্ণনায় ইবনে তাউস রাহ. বলেন, আমি যখন ইস্তেঞ্জাখানায় প্রবেশ করতাম আমার পিতা আমাকে মাথা ঢেকে নিতে আদেশ করতেন। -হাদীস : ১১৪১
    এছাড়াও সাহাবায়ে কেরাম যে স্বাভাবিকভাবেই ইস্তেঞ্জার সময় কাপড় দ্বারা মাথা আবৃত করে রাখতেন তা সহীহ বুখারীতে ইহুদী আবু রাফের হত্যা সম্পর্কিত বর্ণনা থেকেও বুঝা যায়। তা হল, সাহাবী আবদুল্লাহ ইবনে আতীক রা. বলেন, আমি (তাকে হত্যার জন্য) দুর্গের অভ্যন্তরে প্রবেশের সুযোগ খুঁজছিলাম। ঠিক সে মুহূর্তে দূর্গের কিছু লোক তাদের একটি গাধার খোঁজে লণ্ঠন নিয়ে দুর্গের বাইরে বের হল। তিনি বলেন, তখন আমার আশঙ্কা হল যে, তারা আমাকে চিনে ফেলবে। তাই আমি আমার মাথা ঢেকে নিলাম। যেন মনে হয় আমি প্রাকৃতিক প্রয়োজন সারছি। -সহীহ বুখারী, হাদীস : ৪০৪০
    সুতরাং ইস্তেঞ্জার সময় মাথা আবৃত করে নেয়ার ব্যাপারে আবু বকর সিদ্দীক রা.-এর নিজ আমল, বিখ্যাত তাবেয়ী তাউস রাহ. কর্তৃক নিজ ছেলেকে আদেশ প্রদান এবং সহীহ বুখারীর বর্ণনায় আবদুল্লাহ ইবনে আতীক রা.-এর বক্তব্য দ্বারা এটাই প্রমাণিত হয় যে, ইস্তেঞ্জার সময় কাপড় ইত্যাদি দ্বারা মাথা আবৃত রাখা উত্তম কাজ। ফিকহবিদগণ এ সকল বর্ণনার ভিত্তিতেই ইস্তেঞ্জার সময় মাথা আবৃত রাখাকে ইস্তেঞ্জার আদব ও মুস্তাহাব গণ্য করেছেন এবং মাথা অনাবৃত রাখাকে অনুত্তম বলেছেন। তাই হাদীস ও আসারে এ বিষয়ে প্রমাণ নেই প্রশ্নের এ বক্তব্য সহীহ নয়। না জেনে এমন বলাটা অন্যায় হয়েছে।
    -আস সুনানুল কুবরা, বায়হাকী ১/৯৬; মুগনীল মুহতাজ ১/৬০

  • প্রশ্ন:
    হজ্বের একটি বইয়ের মধ্যে দেখতে পাই, ফরয তাওয়াফে অতিরিক্ত ভীড় হলে আল্লাহুম্মা ওয়াক্বিয়াতান কাওয়াক্বিয়াতিল ওয়ালীদ- এ দুআ পড়ে সামনের দিকে অগ্রসর হলে গায়েব থেকে সাহায্য আসবে। আমি কয়েকজনকে এর অর্থ জিজ্ঞাসা করলে তারা বলতে পারেননি। দয়া করে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

    উত্তর:
    এ দুআটি তাওয়াফের সময় পড়ার কথা হাদীসে পাওয়া যায়নি; বরং এটি সাধারণ সময়ের একটি দুআ হিসেবে হাদীসে এসেছে। একটি যয়ীফ সূত্রে আবদুল্লাহ ইবনে উমর রা.-থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর মধ্যে বলতেন-
    اللهم واقية كواقية الوليد
    অর্থ : হে আল্লাহ! আমাকে হেফাযত করুন যেমনি আপনি নবজাতক শিশুকে হেফাযত করেন। -আদ দুআ, তাবারানী,হাদীস ১৪৪৬; মুসনাদে আবু ইয়ালা, হাদীস ৫৫০২
    আল্লামা আসকারী রাহ. উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ নবজাতকের অক্ষমতা ও দুর্বলতাবশত আল্লাহ তাআলা তাকে যেভাবে কীট-পতঙ্গ ও জীব-জন্তুর অনিষ্ট থেকে হেফাযত করেন ঠিক তেমনি আমাকে হেফাযত করুন। -ফয়যুল কাদীর ২/১২০
    তাই উক্ত দুআকে তাওয়াফের ভীড় থেকে রক্ষা পাওয়ার আমল বা ওযীফা মনে করা ঠিক হবে না। তবে সাধারণ দুআ হিসেবে ঐ সময় তা পড়তে নিষেধ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন