সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

  • প্রশ্ন:
    এক ব্যক্তি কুরবানীর পশু ক্রয়ের পর ১২ যিলহজ্বের মধ্যে তা কুরবানী করতে পারেনি। এখন তার কী করণীয়? আর কেউ যদি পশু ক্রয়ই না করে এবং কুরবানীর সময় শেষ হয়ে যায় তখন তার কী করণীয়?
    উত্তর:
    প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি ক্রয়কৃত পশুটি জীবিত সদকা করে দিবে। আর কোনো ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব হওয়া সত্তে¡ও যদি সে কুরবানীর পশু ক্রয় না করে এবং কুরবানীও না করে থাকে তাহলে তার উপর কুরবানীর যোগ্য একটি ছাগলের মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব। আর উভয় ক্ষেত্রেই যথাসময়ে কুরবানী না করার কারণে তাওবা-ইস্তিগফার  করবে। 
    -ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪২৩; রদ্দুল মুহতার ৬/৩২১; তুহফাতুল ফুকাহা ৩/৮৩; বাদায়েউস সানায়ে ৪/২০২

  • প্রশ্ন:
    প্রতি বছর আমরা নির্দিষ্ট পাঁচ শরিক মিলে কুরবানী করি। এ বছরও কুরবানীর এক সপ্তাহ আগে ৫জন মিলে একটি গরু ক্রয় করি। কুরবানীর আগের দিন আমাদের এক প্রতিবেশী তাতে শরিক হতে চাইলে আমরা তাকে শরিক করে নিই। জানার বিষয় হল, এভাবে শরিক করার কারণে আমাদের কুরবানী আদায়ে কোনো ত্রæটি হয়েছে কি না? জানালে উপকৃত হব।
    উত্তর:
    প্রশ্নোক্ত অবস্থায় সকলের কুরবানী সহীহ হয়েছে। তবে পাঁচ জনে মিলে কুরবানী দেওয়ার নিয়তে পশু ক্রয়ের পর নতুন করে শরিক নেওয়া অনুত্তম হয়েছে। এক্ষেত্রে ঐ শরিক থেকে প্রাপ্য টাকা সদকা করে দেওয়া উত্তম। 
    -বাদায়েউস সানায়ে ৪/২১০; আদ্দুররুল মুখতার ৬/৪১৭; মাবসূত, সারাখসী ১২/১৫

  • প্রশ্ন:
    আমি এক বন্ধু থেকে পনের দিনের জন্য একটি বই নিজে পড়ার জন্য নিয়েছিলাম। বইটি আমার জন্য খুবই দরকারি ছিল। ঐ বই আমি এক সপ্তাহের মধ্যে পড়ে শেষ করে ফেলি। আমার অপর এক বন্ধু ঐ বইটি আমার কাছে পড়ার জন্য চায়। এখনো যেহেতু তা ফেরত দিতে সপ্তাহ বাকি আছে তাই আমি তাকে ৪/৫ দিনের জন্য পড়তে দেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার রুমে আগুন লেগে বইটি পুড়ে যায়।
    প্রশ্ন হল, এখন আমাকে কি ঐ বইয়ের জরিমানা দিতে হবে?
    উত্তর:
    হ্যাঁ, আপনাকে ঐ বইয়ের ক্ষতিপূরণ দিতে হবে। কেননা আপনার বন্ধুর স্পষ্ট অনুমতি ছাড়া অন্যকে পড়তে দেওয়া ঠিক হয়নি। এটি আমানতপরিপন্থী হয়েছে।  আর এরপর যেহেতু তা নষ্ট হয়েছে তাই আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। 
    -খুলাসাতুল ফাতাওয়া ৪/২৯০; শরহুল মাজাল্লা ৩/৩২১

  • প্রশ্ন:
    দুই বছর আগে এক ব্যক্তিকে আমি পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছিলাম। এর মধ্যে সে ৩০ হাজার টাকা পরিশোধ করেছে। বাকি টাকা এখনো পরিশোধ করেনি। পূর্বে তার কাছে বাকি টাকা পরিশোধ করার মতো সামর্থ্য ছিল না। তাই আমি তাকে বাকি টাকা মনে মনে মাফ করে দিয়েছিলাম। তাকে কোনো কিছু বলিনি। এখন তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে।
    প্রশ্ন হল, আমি যেহেতু তাকে মনে মনে মাফ করে দিয়েছি এখন আমার জন্য তার থেকে বাকি টাকা চাওয়া এবং নেওয়া জায়েয হবে কি?
    উত্তর:
    শুধু মনে মনে ঋণ মাফ করে দিলে তা মাফ হয়ে যায় না; বরং ঋণগ্রহিতাকে মাফের কথা জানালে এবং সে গ্রহণ করলে তখন মাফ হবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণগ্রহিতা থেকে বাকি টাকা চাওয়া এবং নেওয়া জায়েয হবে। 
    -ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৮৪; আলমুহীতুল বুরহানী ৯/১৮২; রদ্দুল মুহতার ১/৫৩৫

  • প্রশ্ন:
    আমার এক মামা বিদেশ থাকেন। তিনি আমার একাউন্টে তার পরিবারের জন্য টাকা পাঠান। মামা ঐ টাকা আমার একাউন্টে আমানত হিসেবে রাখেন। ঐ টাকা আমার একাউন্টে দীর্ঘদিন থেকে যায়। তাই আমি মামার অনুমতি নিয়ে ঐ টাকা দিয়ে ব্যবসা করি। এতে আমার অনেক লাভ হয়েছে। তবে কিছুদিন আগে ব্যবসায় বিপুল পরিমাণ লস হলে মূলধনের অনেক ক্ষতি হয়।
    জানার বিষয় হল, মামা যেহেতু আমার কাছে ঐ টাকা আমানত হিসেবে রেখেছে এবং মামার অনুমতি নিয়েই ব্যবসা করেছি তাই এ অবস্থায় মামার টাকা ফিরিয়ে দিতে হবে কি না?


    উত্তর:
    হ্যাঁ, প্রশ্নোক্ত অবস্থায় আপনার মামার সকল টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। কেননা আপনার মামা ঐ টাকা  প্রথমে আমানত হিসেবে রাখলেও পরবর্তীতে যেহেতু তার অনুমতি সাপেক্ষেই আপনি তা  ব্যবসায় খরচ করেছেন তাই তা আমানতের টাকা থাকেনি; বরং ঋণের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং এখন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেও মামার সকল টাকা তাকে ফিরিয়ে দিতে হবে।
    -ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৬০; আলমুহীতুল বুরহানী ৮/৩১৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৬/৫৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন